
তাজুল ইসলাম,ডিমলা উপজেলা প্রতিনিধি :নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম (৩৫)সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি দল উপজেলার শালহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। অভিযানের সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ জানিয়েছে, জুয়াবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।