খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার একদিন পার হলেও এর কারণ উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরীর বাবুখান রোডে অবস্থিত ক্লিনিকটিতে এ হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকালে হীরা ও মারুফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তবে হামলায় তাদের সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার হীরার বিরুদ্ধে আগে একটি হত্যা মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, হামলার পরদিন রোববারও ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ছিল। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।