
নেত্রকোনার পূর্বধলায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্বধলার নারান্দিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।