
মো. লিটন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকেরা। দিন-রাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
এ অবস্থায় নিজেদের দপ্তর, বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
ওজোপাডিকোর গোপালগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ নিরাপত্তা চাওয়ার বিষয়টি জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ওজোপাডিকোর পাওয়ার হাউজ, কার্যালয় এবং চরপাথালিয়ায় থাকা দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।
ওজোপাডিকোর হিসাব অনুযায়ী, গোপালগঞ্জ শহরে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধানের কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র কিংবা বৈদ্যুতিক স্থাপনায় হামলা বা নাশকতার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ কারণে ওজোপাডিকোর বিভিন্ন স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ কম পাওয়ায় গোপালগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অফিস ও উপকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থেকেই পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, তিনি এখনো চিঠিটি হাতে পাননি। চিঠি পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।