
ঢাকার সাভারে একটি বাড়ির জানালার গ্রিল কেটে নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া তৃতীয় লিঙ্গের শাপলা চৌধুরী (৪৫) সাভার মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।গত ৩ আগস্ট রাতে সাভারের ডগরমোড়া এলাকায় সাবাব হোসেন ভূঁইয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাপলা চৌধুরী জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন ৩ আগস্ট সকালে ঘুম থেকে উঠে শয়নকক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা দেখতে পান। ঘরের ভেতরে আসবাবপত্রও এলোমেলো ছিল। পরে কাঠের আলমারির লক ভাঙা অবস্থায় দেখতে পান। আলমারিতে রাখা নগদ ২৮ লাখ টাকা ও আনুমানিক ৫৬ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণালংকার নেই।ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার তার দীর্ঘদিনের সঞ্চয়। এগুলো উদ্ধার না হলে তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়বেন।শাপলা চৌধুরী বলেন, থানার ওসি আমার বাসায় আইছে। আমার মালামালগুলো উদ্ধার হইলেই বাঁচি। টাকা আর মালামাল না পেলে না খেয়ে মরতে হবে। চুরি হওয়া টাকা এবং মালামাল সবগুলো আমার নয়। এগুলো সাভারে বসবাসরত সকল তৃতীয় লিঙ্গের মানুষ আমার কাছে গচ্ছিত রেখেছিল; একটি জায়গা কিনে বসবাসের স্থান তৈরির জন্য। চুরি যাওয়া স্বর্ণালংকার এবং টাকা উদ্ধারে আমি প্রশাসনের সহযোগিতা চাই।