
নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয় পক্ষের ১৩ জন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারে এ ঘটনা শুরু হয়। পরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গড়ায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার আতাহার আলীর দুই ছেলে মোস্তফা ও মশিউর হাসপাতালে ভর্তি রয়েছেন। মোস্তফা মুদি ও খুচরা সার ব্যবসায়ী। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়ন্তীপুর বাজার এলাকার চায়ের দোকানদার শামিম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি পরে উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে আহতরা সন্ধ্যায় চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষ উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।