
খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরবর্তী গোলবাগান এলাকা থেকে আনুমানিক ৭০ কেজি হরিণের মাংস, দুটি মাথা, একটি ডিঙি নৌকা এবং হরিণ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের টের পেয়ে চোরশিকারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ স্টেশনের বনকর্মীরা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর চরে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় গোলবাগানের ভেতরে ফেলে রাখা প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরশিকারিরা দ্রুত পালিয়ে যায়।