
নাটোরের লালপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় পাশের হার নেমে এসেছে ৪৪.৭৬ শতাংশে।
এছাড়া উপজেলার বিলমাড়ীয়া দাখিল মাদ্রাসা ও মোহরকয়া দাখিল মাদ্রাসা দুটি থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি শতভাগ অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর লালপুর উপজেলা থেকে এসএসসি (সাধারণ) পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২ হাজার ৬শ শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ১৬৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪৩৬ জন।
এসএসসি ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭শ জন পরীক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৩৭ জন। পাশের হার ৫১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৯ জন শিক্ষার্থী।
এছাড়াও দাখিল পরীক্ষায় ৩৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬১ জন, আর ফেল করেছে ২১৫ জন শিক্ষার্থী। এ শাখায় পাশের হার ৪২.৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।
এ বছর উপজেলায় শীর্ষ জিপিএ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- নর্থ বেঙ্গল সুগার মিল স্কুল ২৩ জন, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ ২১ জন, লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ১৭ জন, করিমপুর সরকারি স্কুল ১২ জন, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ ও বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ৮ জন।
অন্যদিকে শতভাগ ফেলের তালিকায় মোহরকয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ জন ও বিলমাড়ীয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২ জন পরীক্ষার্থীর ২ জনই ফেল করেছে।