
মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আল মুজাহিদ মল্লিক।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইতোমধ্যে তিনি স্থানীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নিরলসভাবে কাজ করেন তিনি। মনোনয়ন না পেলেও দলীয় শৃঙ্খলা বজায় রেখে দিন-রাত মাঠে থেকে গণসংযোগ চালিয়ে যান।
স্থানীয় নেতাকর্মীদের মতে, আল মুজাহিদ মল্লিকের ত্যাগ, আন্তরিকতা ও শক্ত নেতৃত্বের ফলে সোনারগাঁওয়ের সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়। নির্বাচনের দিনও তিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে কর্মীদের উৎসাহিত করেন এবং ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেন।
এই প্রেক্ষাপটে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নতুন করে আলোচনা তৈরি করেছে। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা সোনারগাঁওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলীয় নেতাকর্মীরাও আশা প্রকাশ করেছেন, আল মুজাহিদ মল্লিক আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দলের অবস্থান আরও শক্তিশালী করবেন এবং সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়নে কার্যকর নেতৃত্ব দেবেন।