
দীর্ঘ ৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও শুরু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রথম দফায় ওমানের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘সালাম এয়ার’ সিলেট থেকে ওমানের রাজধানী মাস্কটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও ২০১৮ সালের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু ছিল না। ২০১৫ সালে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’ সিলেট-দুবাই রুটে সেবা শুরু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে পরিচালনাগত কারণে তা বন্ধ হয়ে যায়।
অবশেষে ১ সেপ্টেম্বর থেকে সালাম এয়ারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের ডানা মেলছে সিলেটে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স ওসমানী থেকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সালাম এয়ার সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এতে প্রবাসী অধ্যুষিত সিলেটের যাত্রীরা তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় ওমানসহ মধ্যপ্রাচ্যে যাতায়াতের সুযোগ পাবেন।
সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে সালাম এয়ার সেবা দিচ্ছে। বাংলাদেশ থেকে তারা সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে; যার মধ্যে ঢাকা থেকে ৭টি, চট্টগ্রাম থেকে ১৪টি এবং সিলেট থেকে ৩টি চালু থাকবে।
সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। ১ সেপ্টেম্বর সিলেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সালাম এয়ারের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে।
বর্তমানে ওসমানী রানওয়ে সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রুটে সরাসরি সেবা দিয়ে আসছে।
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এক অনুষ্ঠানে জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পুরাদস্তুর আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক ও ইতিবাচক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে আগামীতে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি বিমান চালুর চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।
এদিকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সংসদে জানিয়েছেন, ‘ফ্লাই দুবাই’ পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুতে আগ্রহ দেখিয়েছে এবং সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে। পাশাপাশি ট্রাভেলস ব্যবসায়ীরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের ‘এয়ার আরাবিয়া’ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন আন্তর্জাতিক রুট সিলেট থেকে চালু হতে পারে।