
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (৩ অক্টোবর) সকালে চরমানিকা ইউনিয়নের চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর চাঁদরাতে মাছ ধরার ট্রলার দুর্ঘটনায় বেছু মাঝির মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এই রাস্তাটি দিয়ে আসেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে সড়কটি সংস্কারের দাবি জানান। তখন এমপি নয়ন সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই তারা মানববন্ধন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি।
বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি পরিষদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।