গোপালগঞ্জে আ.লীগের মশাল মিছিল

মোঃ লিটন সিকদার, গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি;
গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় মশাল মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ায় মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিলটি টুঙ্গিপাড়া শেখ রাসেল পৌর শিশুপার্ক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
অন্যদিকে, একই দিন গোপালগঞ্জ জেলা শহরেও মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এক কমিশনারের নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট এলাকায় পৌঁছায়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলটির ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় জেলা শহর ও টুঙ্গিপাড়ায় এসব কর্মসূচি পালন করা হয়।
এদিকে, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। তবে মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে তাৎক্ষণিক কোনো বাধা দেওয়া হয়েছে বলে জানা যায়নি।