1

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷

 

জুলফিকার রহমান
মেহেরপুর প্রতিনিধি:

পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনা, সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন, সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।