1

ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

মোঃ মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান:শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় পূজামণ্ডপসমূহের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ৭৮ টি মণ্ডপের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১১ ও ১২ অক্টোবর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান ও উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী এবং আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্য-সদস্যাদের শারীরিক সক্ষমতা, সুস্থতা ও দায়িত্ব পালনের উপযোগিতা যাচাই করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র এবং এভিএমআইএস (AVMIS) নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়।

এ সময় যোগ্য ও নিবন্ধিত সদস্যদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।