কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা

জাহিদুল ইসলাম বেলাল কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:পর্যটননগরী কুয়াকাটায় আসন্ন ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’ উপলক্ষে পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) কুয়াকাটার পর্যটন হলিডে হোমসে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব সমমর্যাদা) মো. গনি উল আজম।
সভায় কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা, পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটন ব্যবসায়ী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।