1

ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য, কাভার্ডভ্যানের মালপত্র চোর এবং পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাত থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফেনী সদর ও আশপাশের এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আন্তঃজেলা কাভার্ডভ্যান চোর চক্রের সদস্য কুমিল্লা নাঙ্গলকোটের বাসিন্দা কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীর আলম (৪১), ফেনীর ছাগলনাইয়ার নুরুল আমিন বাবলু পাটোয়ারী (৪৮), আন্তঃজেলা ডাকাত দলের সদস্য লাকসামের মো. শুকুর প্রকাশ কানা শুকুর (২৬), ফেনী পৌর এলাকার মো. আব্দুল মমিন (৪৬) ও নোয়াখালীর কাউছার হোসেন আশিক (২৩)। এ ছাড়া পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী মো. আকাশসহ (২০) আরও অনেকে এ তালিকায় রয়েছেন।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীর আলম চট্টগ্রাম থেকে গাজীপুর নেওয়ার পথে পরিবহনকৃত অ্যালুমিনিয়াম ওয়্যারের মধ্যে প্রায় ৩৮ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের এক প্যাকেজ মালপত্র অসৎ উদ্দেশ্যে ফেনীর শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় রাস্তার পাশে রেখে দেন। পরে ছাগলনাইয়ার উত্তর যশপুর এলাকা থেকে চুরি হওয়া ১ হাজার ৯৫০ কেজি অ্যালুমিনিয়াম ওয়্যারসহ বাবলু পাটোয়ারীকে আটক করা হয়।ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে ফেনী জেলার সদর থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।