1

সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা (টানপাড়া) এলাকায় বিএনপি নেতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে মো. শুক্কুর আলী ও তার ছেলে মাসুদের বিরুদ্ধে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তালতলা বালুর মাঠ এলাকায় মো. রোকনউদ্দিনের ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীম উদ্দিনের কাছে মৌখিক অভিযোগ করা হয়।
অভিযোগের পর তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুক্কুর আলী ও তার ছেলে মাসুদকে তদন্ত কেন্দ্রে উপস্থিত হতে বলেন। সেখানে তারা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা সরকারি সম্পত্তির ভাড়া নিচ্ছেন। তবে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
এ সময় তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে শুক্কুর আলী ও তার ছেলে মাসুদের বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে উগ্র আচরণ করেন এবং পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তদন্ত কেন্দ্র ত্যাগ করেন—এমন অভিযোগও উঠেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। ঘটনা নিশ্চিত হওয়ার পর সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে শুক্কুর আলী ও তার ছেলে মাসুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।