পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট

জুলফিকার তালুকদার, চরফ্যাশন:ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ আইচা থানা এলাকায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্ট’।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দক্ষিণ আইচা থানা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্ট ও রিসোর্টটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা রেজাউল করিম খন্দকার, সিরাজুল ইসলাম সবুজ খান, মান্নান হাওলাদার, ইকবাল হাওলাদার, আবু তাহের মাস্টার ও মহিউদ্দিন বাশার। এছাড়া দক্ষিণ আইচা থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজাউল করিম খন্দকার, সিরাজুল ইসলাম সবুজ খান, আবু তাহের মাস্টার, এনায়েত মিয়া, থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষে মো. ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় থানা ছাত্রদল নেতা সোহেল।
বক্তারা বলেন, ইতোমধ্যে দক্ষিণ আইচা থানা এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যটকদের জন্য এখানে একটি মানসম্মত রেস্টুরেন্ট ও রিসোর্টের প্রয়োজন ছিল। ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্ট’ চালুর মধ্য দিয়ে সেই প্রয়োজনীয়তার একটি অংশ পূরণ হয়েছে।তারা রিসোর্ট কর্তৃপক্ষকে খাবারের মান বজায় রাখা, সহনীয় মূল্যে খাবার পরিবেশন এবং রিসোর্টের পরিবেশ শালীন ও নিরাপদ রাখার পরামর্শ দেন।
দক্ষিণ আইচা থানার কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রিসোর্টে আগত পর্যটক ও ভোক্তাদের নিরাপত্তার বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষে মো. ফরহাদ বলেন, ‘বাগান বাড়ী রেস্টুরেন্ট ও রিসোর্টে’ খাবারের মান বজায় রাখা, সহনীয় মূল্যে খাবার সরবরাহ এবং শালীন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি রিসোর্ট পরিচালনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পরে মুনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।