1

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন- সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে অটোরিকশাটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশাটি তার নিজের লেনেই ছিল। কাভার্ডভ্যানটি বিপরীত লেনে চলে আসে।দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’