মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর

মাগুরায় এক পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর ও ভিডিও ধারনের অভিযোগ ওঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।শারিরীক নির্যাতনের শিকার পুলিশ সদস্যের নাম মো. ইমরান হোসেন। তিনি মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টিশার্ট পরা নাঈমুজ্জামান নয়ন কনস্টেবল ইমরান হোসেনের বাইক আটকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত অবস্থায় আরও লোকজন ডাকতে থাকেন। একপর্যায়ে নিজেই ভিডিও ধারণ ও পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। ভিডিওর মধ্যে তিনি নিজেই পুলিশ সদস্যদের দারোগা বলে সম্মোধন করেন।
প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর ও শারিরীক ভাবে হেনেস্থা করায় জেলা পুলিশে চরম ক্ষোভ বিরাজ করছে।পুলিশ সদস্যকে মারধর ও ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভাইরাল ভিডিওটি আজ বিকেলের। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন।’