রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো তালাকের কাগজ হাতে পাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তানভীর রণক (২৮) নামে এক যুবক দুই দফায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তানভীর উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।
পরিবারের স্বজনদের দেওয়া তথ্যানুযায়ী, গত ৯ আগস্ট রাজবাড়ী আদালতে ফাতেমা (২৩) নামে এক তরুণীর সঙ্গে তানভীরের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকা ও টাঙ্গাইলে অবস্থান করেন। পরে ফাতেমার পরিবারের অনুরোধে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।তানভীরের স্বজনদের অভিযোগ, বাবার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। একই সঙ্গে তানভীরের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়।পরিবারের সদস্যরা জানান, স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার আশায় তানভীর ওই টাকা দেওয়ার ব্যবস্থা করতে জমি বিক্রির উদ্যোগ নেন। এমনকি ৭ শতাংশ জমি বিক্রির দলিল করার কথাও তিনি জানিয়েছিলেন। এর মধ্যেই তার কাছে তালাকের কাগজ পাঠানো হয়।
পরিবারের ভাষ্য, রোববার রাত ১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তানভীর প্রথমবার কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।