1

চাঁদপুরে ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম দামে চাঁদপুরের ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।নড়াইল জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রামের মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি পুলিশের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রতারক চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছ ও অন্যান্য পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করত। পরবর্তীতে অগ্রিম মূল্য হিসেবে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে কোনো পণ্য না পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দিত।

চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগীদের জিডি ও অসংখ্য অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এ চক্রের সন্ধান পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক এ জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এদিকে অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে যে কোনো অপরিচিত আইডি বা পেজে অর্থ লেনদেনের পূর্বে ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনলাইন প্রতারকদের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।