ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি

তীব্র গ্যাস সংকটে ময়মনসিংহের শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অন্তত ২০টি কারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গ্যাস সংকটের কারণে এ অঞ্চলের প্রধান শিল্পকারখানাগুলোতে উৎপাদন প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শিল্প পুলিশ-৫-এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন জানান, সকাল থেকেই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের অভাবে শ্রমিকরা সকালে কারখানায় এলেও ২০টি কারখানায় দুপুরের খাবারের সময় পর্যন্ত ধাপে ধাপে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। বাকি কারখানাগুলোতেও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের শিল্পাঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। বর্তমানে এসব কারখানার প্রায় প্রতিটিই গ্যাসের তীব্র সংকটে রয়েছে। জেনারেটর ও বিদ্যুৎ ব্যবহার করে আংশিক উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে সার্বিক উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।