ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের উত্তেজনা, হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভিতরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে পুলিশ লাইন্সের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি আব্দুল কুদ্দুস অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলছিল।এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে গানের আওয়াজ কমাতে বলে। এ নিয়ে পুলিশ-ছাত্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। অপরদিকে ছাত্ররাও ঢিল ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন।
দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার মাদ্রাসায় পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোয় তাদের সমস্যা হচ্ছিল। তাই কয়েকজন পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর জন্য বলে। প্রথমে শব্দ কমালেও পরে আবারও শব্দ বাড়িয়ে দেয়। এ নিয়ে বাদানুবাদ শুরু হলে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে।ছাত্ররা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফকে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।