চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা। পরে গাড়ি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেদেপাড়া এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মধ্যম সোনাপাহাড় বেদেপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ৩-৪ জন মাদককারবারি প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি তল্লাশি করে প্লাস্টিকের তিনটি বস্তায় থাকা ২৫টি প্যাকেট থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।