খুলনার সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে তিন জেলে আটক

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা।রোববার (১৬ আগস্ট) ভোর ৪টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে কুলুখালি এলাকা থেকে ওই তিন জেলেকে আটক করেন।আটক জেলেরা হলেন- মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) ও মনিরুজ্জামান বাবু (২৯)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ওই জেলেরা অবৈধভাবে মাছ শিকার করছিলেন। খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, চিংড়ি মাছ এবং অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আটক তিন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’