কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য দেন কেশবপুর থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) শহিদুল ইসলাম, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর আলম বুলবুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আল ফুয়াদ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার এবং মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির পক্ষ থেকে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কার্প জাতীয় মাছ উৎপাদনে মো. মোখলেসুর রহমান মুকুল, চিংড়ি চাষে সুমন শেখ, পোনা মাছ চাষে রিপন হোসেন, অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনে মেহেদী হাসান এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জহরুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেশবপুরে আগামী কয়েক দিন মৎস্য মেলা ও প্রদর্শনী, মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়, জনসচেতনতামূলক প্রচারণা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।