1

মাগুরা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেফতার

আলী আশরাফ, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্যসচিব আকতার হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার পাকা কাঞ্চনপুর নিজের বাড়ি থেকে আহ্বায়ক আলী আহমেদকে এবং মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার নিজ বাড়ী থেকে আকতার হোসেনকে আটক করে মাগুরা সদর থানার পুলিশ।
বিএনপি নেতাদের অভিযোগ, আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বিক্ষোভ কর্মসূচির আগে দলের নেতা-কর্মীদের ওপর চাপ তৈরি করতে তাঁদেরকে আটক করেছে পুলিশ।
বিএনপির আহ্বায়ক আলী আহমেদের পরিবার থেকে জানান, রাত আনুমানিক একটার দিকে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। সদস্য সচিব আকতার হোসেনের পরিবারের সূত্রে জানা যায় তিনি রাতে পরিবারের সাথেই ছিলেন, হঠাৎ মাঝরাতে পুলিশ এসে তাকে নিয়ে যায়, তবে নিয়ে যাওয়ার ব্যাপারে কোন কারন জানায়নি তাদেরকে।
তাদেরকে থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু সাংবাদিকদের জানায়নি।