1

ফেনীতে ৪৯ লাখ টাকার ইয়াবা ও দুই নারী সহ আটক ৩

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি, ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ২৭০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ফেনী র‌্যাব-৭ ক্যাম্প কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লালপোলস্থ মুহুরি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবাসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কক্সবাজার সদর উপজেলার ফাতেমা (৫৫), নুরুল আফসার (২৮) ও হাসিনা বেগম (৩৮) কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের হেফাজতে থাকা দুইটি ভ্যানিটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট হতে ৬২টি নীল রঙয়ের বায়ুরোধক পলিজিপার প্যাকেটে মোট ১২ হাজার ২৭০ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।