1

সাড়ে তিন ঘণ্টায় পিরোজপুর থেকে ঢাকা

আমাদের বাস যখন পদ্মা সেতু পার হচ্ছিল, তখন যাত্রীরা বাসচালককে ধীরে চালাতে অনুরোধ করেছিলেন। কারণ, আমরা সেতুর সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম। বাসের যাত্রীরা মুঠোফোনে ভিডিও করছিলেন, কেউ ছবি তুলছিলেন। বাসের গতি কমিয়ে দেওয়ায় আমরা ৯ মিনিটে সেতু পার হই। এ অভিজ্ঞতা ছিল অসাধারণ।’

পিরোজপুর বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টারে সোমবার দুপুরে কথা হয় চালকের সহকারী মো. ফাইজুর রহমানের সঙ্গে (২৫)। তিনি বলেন, সকাল সাড়ে ছয়টায় রাজধানীর গুলিস্তান থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন তাঁরা। সকাল ১০টায় পিরোজপুরে পৌঁছান। তিনি বলেন, গত রোববার বাস নিয়ে দুবার ঢাকা-পিরোজপুর আসা-যাওয়া করেছেন তাঁরা। প্রতিবারই সোয়া তিন ঘণ্টা থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।

ইমাদ পরিবহনের বাসচালক মনিরুল ইসলাম (৪০) বলেন, রোববার ভোর পাঁচটায় রাজধানী থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন তিনি। পদ্মা সেতুতে প্রথম দিন মোটরসাইকেল ও প্রাইভেট কারের জন্য ভিড় ছিল। এ জন্য যানজটে কিছু সময় বেশি লেগেছিল। তবে গতকাল সোমবার সকালে বেশ স্বাচ্ছন্দ্যে সেতু পার হতে পেরেছেন। সাড়ে তিন ঘণ্টায় পিরোজপুরে পৌঁছে যান।