1

কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। মরদেহটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল।
২৪ এপ্রিল রবিবার সকালে জেলার নকলা উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা যায়, সকালে গণপদ্দি গ্রামের খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় তার ঝোপের ভেতর একটি সাদা বস্তা দেখতে পান। তারা কা‌ছে গি‌য়ে বস্তা খুলে কাফনের কাপড় মোড়া‌নো মানুষের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মর‌দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নকলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ব‌লেন, আমা‌দের ধারণা, কবর থেকে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে। মর‌দেহ‌টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে মর‌দেহ‌টি পুনরায় দাফন করা হবে।