ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী শরীফুল হকের শোডাউন

খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার তফসিল ঘোষণা না হলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র মো: শরীফুল হকের পক্ষে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশাল শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: শরীফুল হক, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, নরসিংদী জেলা আ.লীগের কার্যকরী সদস্য মো: মাহফুজুল হক টিপু, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম সফি, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সেলিনা আক্তার প্রমুখ।