1

নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ

নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয় পক্ষের ১৩ জন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারে এ ঘটনা শুরু হয়। পরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গড়ায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার আতাহার আলীর দুই ছেলে মোস্তফা ও মশিউর হাসপাতালে ভর্তি রয়েছেন। মোস্তফা মুদি ও খুচরা সার ব্যবসায়ী। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়ন্তীপুর বাজার এলাকার চায়ের দোকানদার শামিম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি পরে উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে আহতরা সন্ধ্যায় চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষ উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।




র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)

মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, টাঙ্গাইলের সিপিসি-৩।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানা ব্রীজ সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহজাহান এর নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় ৬টি বস্তায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধারকৃত আলামতসহ গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে দুই যুবককে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাদের অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের মাধ্যমে অস্ত্র হাতে থাকা দুই যুবকের একজনের নাম সিরাজ এবং অন্যজনের নাম সাদেক বলে জানা গেছে। তবে তারা বিএনপির কোন পক্ষের অনুসারী, তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের দাবি, অস্ত্রধারীরা আসলাম চৌধুরীর অনুসারী এবং তাদের বাড়ি মিরসরাই উপজেলায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নীল রঙের পাঞ্জাবি ও জিনস পরা এক যুবককে হাতে অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে লাল টি-শার্ট পরা আরেক যুবককে অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতে দেখা যায়।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের প্রশ্ন, সংঘর্ষের সময় এত অস্ত্র কোথা থেকে এলো এবং সীতাকুণ্ডের সাধারণ মানুষ কতটা নিরাপদ।পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীতাকুণ্ডের মুনস্টার ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।




সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসির মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যে তিনি হাতকড়াসহ পালিয়ে যান বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, আসামি হাতকড়া নিয়ে পালাননি।বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় স্বজনরা বাধা দেন। এ সময় সেখানে হট্টগোল ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে আসির মিয়া সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি। পরে তিনি ফেসবুক লাইভে এসে হাতে হাতকড়া পরা অবস্থায় নিজেকে নির্দোষ দাবি করেন।




কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

অন্তর ইসলাম লতিফ,ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:  কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ইং তারিখ রাত সাড়ে ৯টায় তিনি ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় ‍উপস্থিত অফিসারদের রাত্রীকালীন রোলকলে হাজির হন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

উক্ত ব্রিফিং এ পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত অফিসারকে অবগত করেন এবং সকল অফিসার ও ফোর্সদেরকে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, হাজতখানা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন। এর পরে তিনি ভেড়ামারা সার্কেল অফিস পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান সহ ভেড়ামারা থানার অফিসার ও ফোর্সবৃন্দ।




নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ি গ্রামের মাস্টারপাড়ায় এখনো টিকে আছে এমন একটি কুয়া। আধুনিক পানির ব্যবস্থার ভিড়ে এটি এখন আর নিয়মিত ব্যবহৃত হয় না। তবে কালের সাক্ষী হয়ে টিকে থাকা কুয়াটি বহন করছে গ্রামীণ জীবনের পুরোনো দিনের নানা স্মৃতি।

স্থানীয় প্রবীণদের ভাষ্য, কয়েক দশক আগেও ডিমলার গ্রামাঞ্চলের বহু বাড়িতে এমন কুয়া ছিল। তখন টিউবওয়েল, বৈদ্যুতিক মোটর কিংবা সাবমার্সিবল পাম্পের ব্যবহার এতটা সহজলভ্য ছিল না। তাই কুয়াই ছিল অনেক পরিবারের অন্যতম প্রধান পানির উৎস।তবে সময়ের সঙ্গে বদলে যায় সেই চিত্র। বাড়ি বাড়ি টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের সুবিধা বাড়ার ফলে বৈদ্যুতিক মোটর ও সাবমার্সিবল পাম্পের ব্যবহার সহজলভ্য হয়। এতে কুয়ার ওপর মানুষের নির্ভরতা কমতে থাকে। একপর্যায়ে অনেক কুয়া পরিত্যক্ত হয়ে পড়ে। পরিচর্যার অভাবে কোনোটি ভরাট হয়ে গেছে, আবার কোনোটি ঢেকে গেছে ঝোপঝাড় ও আগাছায়।

দক্ষিণ গয়াবাড়ি গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মামুনুর রশিদ বলেন, একসময় পাতকুয়া ছিল গ্রামের মানুষের নিত্যদিনের প্রয়োজনের সঙ্গে জড়িত। পানি সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি কাজে এর ব্যবহার ছিল। এখন আধুনিক পানির ব্যবস্থার কারণে সেই প্রয়োজন নেই। তবে টিকে থাকা কুয়াগুলো সংরক্ষণ করা গেলে গ্রামের পুরোনো জীবনযাত্রার স্মৃতি ধরে রাখা সম্ভব।একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, আমাদের শৈশব-কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কুয়াকে ঘিরে। গ্রীষ্মের প্রচণ্ড গরমেও কুয়ার পানি ছিল ঠান্ডা। গ্রামের মানুষ এখান থেকে পানি সংগ্রহ করত, আর কুয়াপাড় ছিল পরিচিত একটি জায়গা। এখন টিউবওয়েল ও পাম্পের কারণে কুয়ার ব্যবহার নেই বললেই চলে।




গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪

মোঃ লিটন সিকদার,গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি:গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনকে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে এসব মোবাইল ফোন পরীক্ষা করে ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার এফএনএফ শপিং মলের পেছনের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনলাইন জুয়ার কার্যক্রমে যুক্ত থাকা অবস্থায় চারজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। এতে বদিউল ইসলাম বদির ফোনে ২৩টি, সাইফুর রহমানের ফোনে ৬৪টি, ইমরান খানের ফোনে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের ফোনে ২২টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল থাকার তথ্য পাওয়া যায়। চারটি ফোন মিলিয়ে অ্যাপসের সংখ্যা দাঁড়ায় ১১৩টি।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের মধ্যে একজন সক্রিয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।




তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

মোঃ শফিকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর (দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাঠগাড়ী (পাইকারপাড়া) গ্রামের কুদরুতের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মানিক মাস্টারের বসতবাড়ীর পূর্ব পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন হিসেবে মিলন মিয়াকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ১০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা

বগুড়া সদরে শামিম হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে পুলিশ বলছে, চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন (৩৫) বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে নিহতের স্বজনরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন।নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের জামাই সোমবার রাতে বারপুর এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন তাকে আটক করেন। পরে রাতভর তাকে মারধর ও নির্যাতন করা হয়।

ছোবেদা বেগমের অভিযোগ, একপর্যায়ে শামিমের পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে প্রথমবার সমতলের চা বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে ২২৫ বছরের পুরোনো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছ দেখেও প্রশংসা করেছেন তিনি।সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের নিটালডোবা গ্রামে গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেড এর সমতল চা বাগান দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও কয়েকজন সফর সঙ্গী ছিলেন।পরে বেলা আড়াইটার সময় সীমান্তে নাগরনদী ঘেঁষা চা বাগানে উপস্থিত হোন তিনি। চা শ্রমিকদের সাথে চা পাতা তোলা এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, প্রথমবার তিনি সমতলে চা বাগান দেখছেন। দেখে খুব লেগেছে তার। এর আগে তিনি শুধু পাহাড়ি অঞ্চলের চা বাগান দেখেছিলেন। সমতলের চা বাগান ও শ্রমিকদের চা পাতা তোলা দেখে নতুন অভিজ্ঞতা হয়েছে তার।তিনি আরও বলেন, ‘প্রতিদিন যারা (চা শ্রমিকরা) কঠোর পরিশ্রম করে চা পাতা তোলেন, তাদের এ ব্যাপারে খুব ভালো ধারণা থাকতে হয়। এখানে না আসলে খুব দ্রুত সাদা, সবুজ আর কালো চায়ের মধ্যে পার্থক্য বের করা আমার পক্ষে সম্ভব হতো না। এটি দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সফরটা দারুণভাবে উপভোগ করছি।

এর পরে তিনি ২২৫ বছরের পুরোনো এশিয়ার সর্ববৃহৎ সূর্যপুরী আমগাছ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একমাত্র ভারী শিল্প চা কারখানা গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেড পরিদর্শন করেন।গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এটা ব্যক্তিগত সফর হলেও আমরা খুব আশাবাদী এখানকার উৎপাদিত সবুজ চা (গ্রিন টি) ভালো লেগেছে। আমাকে বলেছেও এ বিষয়ে কথা বলবেন। যেহেতু চীনের সাথে সম্পর্কটা খারাপ। তাই আমাদের এখানকার উৎপাদিত সুলতান চায়ের গ্রিন টি তাদের দেশে রপ্তানির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে পুরো উপজেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি রাস্তায় ট্রাফিক এবং তিনটি স্থানে প্রায় দুই শতাধিক পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল।