
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ২টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক পরিবেশে আয়োজন করা সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকলকে পজেটিভ মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে পূর্ণ সচেতন থাকতে হবে। নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।
জেলা প্রশাসক আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না। আইন ও বিধিমালা অনুসরণ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে একটি গ্রহণযোগ্য ও সফল নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।