শেখ আজিজুর রহমান, খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনার শিরোমণি বাজারে আবারো মাহে রমজানে মরা মুরগি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের দাবি, বাজারের 'হারুন মুরগির দোকান'-এ দীর্ঘদিন ধরে কৌশলে মরা ও অসুস্থ মুরগি জবাই করে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হারুনের দোকানে মরা মুরগি ড্রেসিং করার সময় কয়েকজন ক্রেতা বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ রয়েছে যে, কম দামে মরা মুরগি সংগ্রহ করে সেগুলোকে তাজা মুরগির মাংসের সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে বাজারের সাধারণ ক্রেতারা দোকানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অভিযুক্ত বিক্রেতা শেখ হারুন (৫৫)এবং তার দুই পুত্র পারভেজ (২৮)আনু:এবং শেখ ফেরদৌস (২৫) তার শ্যালক শামসুর রহমানের (৫২) আনু: একটি চক্র রয়েছে এরা ওজনে কম দেওয়া মরা মুরগি এবং রুগ্ন মুরগি বিক্রয় করা ও ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগে বিগত দিনে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ এসেছে। এই চক্রটি দীর্ঘদিন থেকে মরা মুরগি বিক্রয় করে আসছে।
বাজারে আসা কয়েকজন নিয়মিত ক্রেতা জানান, "আমরা বিশ্বাস করে এখান থেকে মাংস কিনি, কিন্তু আমাদের স্বাস্থ্যের তোয়াক্কা না করে এভাবে রমজান মাসে মরা মুরগি খাওয়ানো হচ্ছে। এটি শুধু প্রতারণা নয়, বরং জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।" তারা অবিলম্বে বাজার কমিটির হস্তক্ষেপ এবং প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।
চিকিৎসকদের মতে, মরা মুরগির মাংসে নানাবিধ ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা রান্নার পরেও ধ্বংস হয় না। এই মাংস খেলে ফুড পয়জনিং থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পেটের রোগ হওয়ার প্রবল ঝুঁকি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
ঘটনার পর থেকে অভিযুক্ত দোকানদার বিষয়টি অস্বীকার করার চেষ্টা করলেও স্থানীয়দের চাপে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, পূর্বে মরা মুরগির বিক্রয় অভিযোগে হারুন কয়েকবার জেল জরিমানার শিকার হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের নিকট সচেতন মহল ও সাধারণ ক্রেতারদের দাবি মরা মুরগি ব্যবসায়ী হারুন এবং তার সহযোগিতাকারী তার দুই পুত্রকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং মুরগির দোকান ভেঙ্গে তুলে দেওয়ার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]