আকরাম হোসাইন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় ফসলের মাঠ থেকে ফরহাদ হোসেন (৩০) নামের এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত ফরহাদ হোসেন ওই গ্রামের মো. দিদার হোসেনের ছেলে এবং এক সন্তানের জনক ছিলেন। পরিবারের অভিযোগ, পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি পাওনা টাকা পরিশোধের কথা বলে ফরহাদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার ভোরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী নার্গিস বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "পাওনা টাকা দেওয়ার কথা বলে রাতে তাকে ফোন করে ডেকে নেওয়া হয়। টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহের জখম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]