বাগেরহাটের মোংলায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।রোববার (২৯ মার্চ) মধ্যরাতে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই অভিযান পরিচালিত হয়।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। ৩টি তেল ট্যাংকে থাকা তেল পরিমাপ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১২ হাজার ৬১৩ লিটার অবৈধ তেল পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা।অবৈধভাবে মজুতকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।সাব্বির আলম সুজন বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।এদিকে এই ঘটনায় ডিপো ম্যানেজার মো. আল আমিন খানকে বরখাস্ত করা হয়েছে। অভিযান চলাকালে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) মো. আল আমিন খানের অনুপস্থিতিতে কম্পিউটার অপারেটর (অস্থায়ী) মো. ফারুক হোসাইন দাপ্তরিক রেজিস্ট্রার ও হিসাব উপস্থাপন করেন।যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির মাসুদ জানান, ওই ডিপোতে তেলের হিসাবে গরমিল পাওয়ায় ট্যাংকগুলো সিলগালা করা হয়েছে। আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]