মাগুরা সদর উপজেলার কছুন্দী বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে 'পূর্বাশা পরিবহন' ও 'হ্যাপি পপি পরিবহন'-এর দুটি বাস বিপরীত দিক থেকে আসার সময় কছুন্দী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আঘাত পান এবং ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক সেবা দেন। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যানজট সৃষ্টি হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]