
নাজমুস সাকিব কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: চলমান সংসদ নির্বাচনে বাগেরহাট–০২ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের ওপর হামলা, হুমকি ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে। কচুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে লিখিতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগে বলা হয়, গত কয়েক দিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধোপাখালী ইউনিয়নের বগা এলাকা এবং গোপালপুর ইউনিয়নের উত্তর গোপালপুর ও প্রতাপপুর এলাকায় কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং ১১ জন কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও ২ জন কে মেডিকেল টেস্টে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডা: মনি শংকর পাইক। ভুক্তভোগীদের দাবি, শুধু হামলাই নয়—কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, “জুলাই আন্দোলনের পর দেশের মানুষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায়। কিন্তু একটি মহল ফ্যাসিবাদী কায়দায় মানুষের ভোটাধিকার হরণ করতে চক্রান্ত চালাচ্ছে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।” তারা আহত কর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকার মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ জানান,কোন অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।