গোলাম সরোয়ার মেহেদী, জেলা প্রতিনিধি, বরগুনা: বরগুনায় কিশোর গ্যাংয়ের দাপট ও অরাজকতা দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২১শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি সড়ক সংলগ্ন 'নিঝুম ভবন' থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় ডিবির একটি চৌকস দল বরগুনা সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ধানসিঁড়ি সড়কে কিছু লোক দলবদ্ধ হয়ে দাপট প্রদর্শন ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পাশের 'নিঝুম ভবনে' আশ্রয় নিলে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধ প্রোফাইল: আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে যে, তারা এলাকায় একটি সংগঠিত 'কিশোর গ্যাং' পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থাকা পূর্ববর্তী মামলার রেকর্ড (PC/PR) নিচে তুলে ধরা হলো: ১. মোঃ ইব্রাহিম হোসেন ওরফে কালু (২৭): তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যাচেষ্টা, মারামারি, গুরুতর জখম ও চুরির অপরাধে বরগুনা সদর থানায় ৩টি মামলা রয়েছে (মামলা নং: ২৮/২০২৩, ১৮/২০২২ এবং ৫/২০২৫)। তার ফেসবুক কন্টেন্ট পর্যালোচনায় দেখা যায়, সে এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি ও মারধরের ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। ২. মোঃ রাজন (২০): তার বিরুদ্ধেও হত্যাচেষ্টা ও মারামারির অপরাধে ২টি পূর্ববর্তী মামলার রেকর্ড রয়েছে (মামলা নং: ২৮/২০২৩ এবং ৫/২০২৫)। ৩. মোঃ শাকিল (২৪): তার বিরুদ্ধে দাঙ্গা, মারামারি ও চুরির উদ্দেশ্যে হামলার অভিযোগে ১টি মামলার রেকর্ড রয়েছে (মামলা নং: ৩৫/২০২৫)। ৪. মোঃ আলআমিন (১৯): তার বিরুদ্ধে ইতিপূর্বে কোনো মামলার রেকর্ড পাওয়া না গেলেও সে এই গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে অপরাধে লিপ্ত ছিল। জব্দকৃত আলামত: অভিযানকালে আসামিদের হেফাজত থেকে মোট ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে: ১. একটি মাঝারি ছেনা (কাঠের বাটসহ ২৫ ইঞ্চি লম্বা)। ২. একটি বড় ছেনা (কাঠের বাটসহ ৩২.৫ ইঞ্চি লম্বা)। ৩. একটি রাম-দা (কাঠের বাটসহ ২৮ ইঞ্চি লম্বা)। আইনি ব্যবস্থা: এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪(১) ধারায় এবং অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(৩) ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]