আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ডের উত্তর পাশে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল মোমেন শিপন (৪০) দুইজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেহপুর মৌজার বিএস খতিয়ান নং-৮৮০, দাগ নং-২৫৬৮ ও ৩০৭৮ এর মোট ১৫ শতক জমির মালিক আব্দুল মোমেন শিপন। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন (৪৫) ও তার ছেলে ইমন (২৩)-এর সঙ্গে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে আনোয়ার হোসেন ও ইমনসহ ইয়াছিন মামুন, ইউনুছ মিয়া, মোঃ জয়নাল, মোঃ সাইদুল ও মোঃ সোহাগ ঘটনাস্থলে গিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা জমির সামনে সরকারি সড়কের পাশে মাটি ফেলে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়।
এছাড়াও ভুক্তভোগী ও তার পরিবারকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জমি ছেড়ে না দিলে তাদের হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আব্দুল মোমেন শিপন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষের প্রভাবের কারণে এলাকাবাসীও এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। নিরাপত্তাহীনতার কারণে তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, নবীনগর থানা বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]