আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গভীর রাতে তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উরখুলিয়া গ্রামের বাসিন্দা মো. হারুন অর রশিদ ও তাঁর পরিবার জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। গত ১ জুন ভোররাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাদের গ্রামের বাড়ির দক্ষিণ পাশের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরটি তাঁর বড় ভাই ও মেরকুটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম সরকারের ব্যবহৃত ছিল।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের খাট, তোষক, সিলিং, জানালা, পানির ট্যাংকির প্লাস্টিক পাইপসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক নারী জানান, গভীর রাতে ঘর থেকে বের হয়ে তিনি সালাম মাস্টারের ঘরে আগুন জ্বলতে দেখেন। পরে চিৎকার করে স্বজন ও প্রতিবেশীদের ডাকলে তারা ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আব্দুস সালাম সরকারের চাচাতো ভাই চান মিয়া বলেন, “আমার ভাই-বউ প্রথম আগুন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করি এবং আগুন নেভানোর চেষ্টা করি। পরে জ্বলন্ত খাট ও তোষক বাইরে এনে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি।”
অগ্নিসংযোগের পেছনে পূর্ব শত্রুতার ইঙ্গিত দিয়ে আব্দুস সালাম সরকার বলেন, “গত রমজান মাসে আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলার একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় গত ১ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমার ধারণা, সেই ঘটনার জের ধরেই প্রতিপক্ষের কেউ পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। আমি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. কামাল হোসেন সরকার বলেন, “প্রতিবেশীরা দ্রুত এগিয়ে না এলে পুরো ঘর পুড়ে যেত। আমরা মনে করি, গ্রামেরই কোনো শত্রুভাবাপন্ন চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রশাসনের কাছে আমরা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ভুক্তভোগী মো. হারুন অর রশিদ বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের বসতঘরে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]