গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি 'স্কুল ফিডিং' প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও বাসি রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। পুষ্টির বদলে শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই খাবার বিতরণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলের শিশুদের শিক্ষার হার বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে সরকার তালতলীর ৭৯টি বিদ্যালয়ে ৭ হাজার ২৭০ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ডিম, রুটি, কলা, বিস্কুট ও দুধ দেওয়ার কথা। এসব খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে 'গ্রামীণ জন উন্নয়ন সংস্থা' নামক একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, গত ২৯ মার্চ থেকে সরবরাহ শুরু হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নিম্নমানের ও পচা খাবার দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া ডিমগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং রুটিগুলো বাসি ও খাওয়ার অযোগ্য। এমনকি অনেক ক্ষেত্রে অপরিপক্ক কাঁচা কলাও সরবরাহ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, "সরকার শিশুদের ভালো খাবারের জন্য টাকা দিচ্ছে, কিন্তু ঠিকাদার চুরির মাধ্যমে পচা খাবার দিচ্ছে। শিক্ষকরাও এর প্রতিবাদ না করে উল্টো এসব খাবারকেই মানসম্মত বলছেন।" তারা দ্রুত তদন্ত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অভিযোগের সত্যতা যাচাইয়ে আগামী সোমবার (৬ এপ্রিল) জরুরি সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]