ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরিকল্পিত নাশকতায় এক কৃষকের ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব আলী জোয়ার্দ্দার ধাওড়া গ্রামের বাসিন্দা।জানা গেছে, চলতি মৌসুমে লক্ষনদিয়া গ্রামের মাঠে ৬ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের আবাদ করেন নায়েব আলী। ভালো ফলনের আশায় নিয়মিত সেচ, সার প্রয়োগ ও পরিচর্যা করে আসছিলেন তিনি।ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা তার জমিতে ঘাসনাশক রাসায়নিক স্প্রে করে। এর প্রভাবে ধীরে ধীরে পেঁয়াজ গাছ হলদে হয়ে পচে যেতে শুরু করে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠে গিয়ে তিনি দেখেন পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই অধিকাংশ গাছ মরে পড়ে থাকে।ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, জমি লিজ, উন্নতমানের বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ- সব মিলিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করেছি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এক রাতের নাশকতায় আমার সব স্বপ্ন ভেঙে গেল।তিনি দাবি করেন, এতে তার অন্তত ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।স্থানীয় কৃষকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, কৃষিজমিতে এ ধরনের পরিকল্পিত ক্ষতিসাধন কৃষকদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]