ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে এ মিছিল শুরু হয়। মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে নানা ভাষায় শ্লোগান দিতে থাকেন। ‘আমার ভাই মরল কেন জামায়াত-শিবির জবাব দে’, ‘আমার ভাই মরেছে, জামায়াত শিবির মেরেছে’, ইত্যাদি শ্লোগানে মিছিলটি জেলা শহরের হামদহ মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মিয়াকে জামায়াত কর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ। এর আগে সকাল ১১টার দিকে সদর হাসপাতাল মর্গে তরু মিয়ার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তরু মিয়াসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তরু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]