জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে আবারো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী ) বিকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ প্রদান করেন। এর আগে গত ২২ জানুয়ারী তাকে ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন এর অভিযোগে শোকজ প্রদান করা হয়। নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকালে মাদারগঞ্জ হাওয়ায় রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভ। সেই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় গত ১ ফেব্রুয়ারী অভিযোগ দায়ের করেন মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা খুঁজে পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ ৯ এর(চ) অনুযায়ী উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি- নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা আগামী ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জানান, আমরা নিজেরা কোন ড্রোন ব্যবহার করিনি কোন সাংবাদিক ভাই তাদের প্রফেশনের প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটা আমাদের অজানা ছিল।আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলি নাই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]