খুলনায় মাত্র ৪০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ইটের আঘাতে দীন মোহাম্মদ (৫০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে।নিহত দীন মোহাম্মদ রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাশেম ঢালীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভবানীপুর বাজারের চা বিক্রেতা দীন মোহাম্মদের কাছে একই এলাকার কসাই খায়ের লস্করের ৪০০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে খায়ের লস্কর তার বকেয়া টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে উত্তেজিত হয়ে খায়ের লস্কর দীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার পর অভিযুক্ত খায়ের লস্কর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]