
দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট:খুলনা নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড় এলাকায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে মাসুম বিল্লাহ (৫৫) নামের এক শ্রমিক দল নেতাকে। গতকাল বুধবার রাত ৯টার দিকে বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মিনা কামালের ছোট ভাই।এ ঘটনায় জড়িত সন্দেহে অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ হাতে নাতে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন মাসুম বিল্লাহ। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত গুলি চালায়। গুলি করার পর তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের একজন পরিদর্শক জনগণের সহযোগিতায় অশোক ঘোষকে আটক করেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাতজন সন্ত্রাসী মাসুমকে ‘কন্টাক্ট কিলিং’ করতে আসে। তাদের মধ্যে টাকার ভাগাভাগিও আগে থেকে ঠিক করা ছিল। অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মাসুম বিল্লাহ দলের পরীক্ষিত নেতা ছিলেন। রাজপথের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল।