মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃকৃষকদের মুখে হাসি, স্বস্তি ফিরেছে কৃষি খাতে যশোরের কেশবপুর উপজেলায় সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক তাদের উৎপাদিত ধান নিয়ে সরকারি গুদামে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় ভুগলেও এবার সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে তাদের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা জানান, বাজারে মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে ধান বিক্রি করতে হতো, কিন্তু সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।
অনেক কৃষক বলেন, ধান উৎপাদনে সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ দিন দিন বেড়ে যাওয়ায় কৃষিকাজ অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। এর মধ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্যোগ তাদের নতুন আশার আলো দেখাচ্ছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খুশিমনে কৃষকরা ধান সরকারি গুদামে জমা দিচ্ছেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন বলেন, কৃষক দেশের প্রাণ। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক যেন তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায়, সেই লক্ষ্যেই সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি কৃষকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]