মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ কেশবপুরের মঙ্গলকোট মাছ বাজারের মান উন্নয়নে মৎস্য চাঁদনী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাইন্ডেশনের (আরআরএফ) বাস্তবায়নে "নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ" শীর্ষক ভ্যানু চেইন উপ-প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার মঙ্গলকোট মাছের বাজার/আড়তের মান উন্নয়ন কর্মকাণ্ডে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। মৎস্য চাঁদনী নির্মানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পক্ষ থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং পূর্বে এখানে সরকারি অনুদানে কিছু কাজ করা হয়েছিল। বৃহস্পতিবার (০২ এপ্রিল-২৬) সকাল ১১ টায় মঙ্গলকোট বাজার নতুন নির্মিত মৎস্য চাঁদনিতে মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরএমটিপি'র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল, মঙ্গলকোট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা জনাব অহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক নিছার আলী মোড়ল, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, মাছ ব্যবসায়ী মুজিবর রহমান, সাধারণ ব্যবসায়ী নূর ইসলাম, মাহবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন এবং সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মাছের বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, মাছ সংরক্ষণ ও প্রদর্শনের মানোন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের আওতায় বাজার অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা চালুর মাধ্যমে মৎস্য খাতকে আরও টেকসই ও লাভজনক করা হবে। অনুষ্ঠানে মঙ্গলকোট বাজার কমিটির সদস্যগণ, বাজারের সকল ব্যবসায়ীগণ, জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ-সহ জেলে সম্প্রদায়ের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায়ী মোসলেম উদ্দীন গাজী ও বেদ থেকে পাঠ করেন সুকুমার কুমার সিংহ। সমাপনী ও উদ্বোধনী বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]